শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলার মাঠে ফেরানোর তাগিদ টিপুর

প্রকাশ:১৪:৫৬,১৭ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলার মাঠে ফেরানোর তাগিদ টিপুর

.

মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুবসমাজকে রক্ষা করতে তাদের পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, তরুণদের সুস্থ জীবন নিশ্চিত করতে কাবাডিসহ বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত রাখা জরুরি।

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ড হাইস্কুল মাঠে এই আলোচনা সভা ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান বক্তার বক্তব্যে টিপু অভিযোগ করেন, বিগত সরকারের ১৬ বছরে গ্রামে-গঞ্জে মাদকের বিস্তার ঘটেছে, যার ফলে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খেলাধুলা থেকে দূরে সরে গেছে।

তিনি আরও জানান, ছাত্র-যুবসমাজকে মাঠে ফেরাতে তারেক রহমান গ্রামে-গঞ্জে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, কাবাডি ও দাবাসহ সব খেলায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন তিনি। খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর খেলোয়াড়দের জীবিকার অনিশ্চয়তা কাটাতে মাসিক এক লাখ টাকা সম্মানী দেওয়ার উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এতে খেলোয়াড়েরা নতুন খেলোয়াড় তৈরিতেও ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন