শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে পিস্তলসহ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশ:১৬:৩৩,১৭ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে পিস্তলসহ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

.

আড়াইহাজারে একটি বিদেশি পিস্তলসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তার শফিকুল আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদির ও সুজাতা বেগমের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে শফিকুলকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। অনুসন্ধানের একপর্যায়ে শফিকুলের কাছে অবৈধ অস্ত্র থাকার বিষয়টি উঠে আসে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১৬ অক্টোবর ভোর ৪টা ৫৫ মিনিটে শফিকুলের বসতবাড়িতে অভিযান চালায়। শফিকুলের দেখানো স্থান অনুযায়ী, বাড়ির উত্তর পাশে বিশেষভাবে লুকিয়ে রাখা পলিথিনের ভেতর থেকে একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে দুই পাশে কাঠের বাটযুক্ত একটি খালি ম্যাগাজিন পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ তালিকার মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় নতুন একটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন