শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে চর্মকার সম্প্রদায়ের দুর্গাপূজা উদ্বোধন

প্রকাশ:১৯:৪২,১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে চর্মকার সম্প্রদায়ের দুর্গাপূজা উদ্বোধন

.

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে উদযাপিত হচ্ছে চর্মকার সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। শনিবার বিকেলে নগরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে রবিদাস পাড়া মাঠে এই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সার্বিক সহযোগিতায় স্থানীয় রবিদাস পাড়ায় গত ৫ বছর ধরে চর্মকার সম্প্রদায় পৃথকভাবে এই উৎসবের আয়োজন করে আসছে।

যুগ্ম সচিব প্রাণ গোপাল দাস, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একানন্দ মহারাজ ও মাকসুদুল আলম খন্দকার খোরশেদ যৌথভাবে এই পূজার উদ্বোধন করেন। পূজা অর্চনা শেষে তারেক রহমানের পক্ষ থেকে চর্মকার সম্প্রদায়ের মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাবেক কাউন্সিলর খোরশেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। তিনি জানান, দেশের প্রতিটি ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে তারেক রহমানের নির্দেশ রয়েছে। সামর্থ্যবানদের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপহার পেয়ে চর্মকার সম্প্রদায়ের নেতা নারায়ণ রবি দাস জানান, বিভিন্ন মণ্ডপে গিয়ে বৈষম্যের শিকার হওয়ার পর কাউন্সিলর খোরশেদ তাদের পাশে দাঁড়ান। তার সাহস ও প্রত্যক্ষ সহায়তায় তারা গত ৫ বছর ধরে নিজেদের মতো করে আলাদাভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. আশিষ কুমার দে, অ্যাডভোকেট মনিকা দেবি, বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নাজমুল কবির নাহিদ, শওকত খন্দকার, আনিসুর রহমান নিক্সন, আফজাল হোসেন, রানা মুন্সি, মনির আহমেদ রাসেল, মো. মিঠু, মো. মুসা, মো. ইমন, কুতুবউদ্দিন, মাসুদ খন্দকার, রাজিব মিয়া এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন