শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের উপ-হাইকমিশনার

প্রকাশ:১৯:৪৭,১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের উপ-হাইকমিশনার

.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজা উপলক্ষে একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপে যান এবং সেখানে অনুষ্ঠিত সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠানে অংশ নেন।

দুপুর ১২টার দিকে উপ-হাইকমিশনার মণ্ডপে পৌঁছান এবং পুরো এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁর সাথে ছিলেন শিল্পপতি অমল পোদ্দার (সিআইপি), পূজা কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার ও পানাম গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) আতিকুল ইসলামসহ দর্শনার্থীরা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সভাপতি প্রদীপ পোদ্দার জানান, উপ-হাইকমিশনারের এই আগমন ব্যক্তিগত নাকি সরকারি, সে বিষয়ে তাঁদের জানা ছিল না।

তবে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, উপ-হাইকমিশনার কোনো সরকারি কর্মসূচির অংশ হিসেবে নয়, বরং পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে মণ্ডপটি পরিদর্শনে এসেছিলেন।

এদিকে ভিভিআইপি সফরের নিরাপত্তা বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, উপ-হাইকমিশনার আসার আগেই মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে পুলিশ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন