শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৫৩,১৭ অক্টোবর ২০২৬
.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহর জমিনে তাঁর দ্বীন ও দাসত্ব প্রতিষ্ঠাই মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কাজ করছেন। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজে ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চল দক্ষিণ আয়োজিত জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলাম কেবল ব্যক্তিগত উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানবজীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা এতে রয়েছে। তিনি বলেন, একটি কল্যাণরাষ্ট্র গঠনে কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ার পাশাপাশি সমাজের সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
শিক্ষা শিবিরে ঢাকা অঞ্চল দক্ষিণের আওতাধীন বিভিন্ন জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যরা অংশ নেন। এ সময় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জ্ঞানার্জন, আত্মশুদ্ধি ও দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপির পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়।
দুই দিনের এ আয়োজনে বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবদুস সামাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আবদুর রব।
বক্তারা নেতাকর্মীদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নের পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা পালনের ওপর জোর দেন। সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।