শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:১৮,১৮ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয়েছে ওরাল কলেরা টিকাদান (ওসিভি) ক্যাম্পেইন-২০২৬। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কলেরা প্রতিরোধ লক্ষ্যের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে টিকা প্রদান করা হয়।
শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কদমতলী এলাকার প্রধান মসজিদ সংলগ্ন হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। নির্ধারিত সময়ে স্থানীয় নাগরিকেরা টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ওরাল কলেরা টিকা গ্রহণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার। স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন উদ্যোগে যুক্ত থাকার কথা ব্যক্ত করেন।