শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবী রূপে বসছে শিশু শ্রেয়সী

প্রকাশ:১৮:২৫,১৮ অক্টোবর ২০২৬

রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবী রূপে বসছে শিশু শ্রেয়সী

.

নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর তিথিতে উদযাপিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। সোমবার অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহের মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হবে। এ বছর মা দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে কুমারীর আসনে বসবে ৬ বছর ৬ মাস ১৮ দিন বয়সী শিশু শ্রেয়সী ভট্টাচার্য।

রোববার এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

কুমারী রূপী দেবীর আসনে আসীন হতে যাওয়া শ্রেয়সী ভট্টাচার্য নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. সুমন ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্য দম্পতির কন্যা। সে ভরদ্বাজ ব্রাহ্মণ গোত্রের সন্তান।

শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার তাৎপর্য তুলে ধরে স্বামী একনাথানন্দ মহারাজ জানান, সনাতন ধর্মে নারী হচ্ছে জগতজননী মায়ের প্রতীক। কুমারী পূজা মানে স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার পূজা করা। নারীজাতির প্রতি শ্রদ্ধা ও মাতৃত্বের বোধ জাগিয়ে তুলতে দেবী দুর্গাকে লক্ষ্য করে একজন নিষ্কলঙ্ক কুমারীকে মাতৃজ্ঞানে পূজা করা হয়।

মহাঅষ্টমীর দিন রামকৃষ্ণ মিশনের প্রথা অনুযায়ী বিহিত পূজা এবং দেবীর রূপ দর্শনে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন