শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৫৩,২১ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টা থেকে ২ টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠ নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। তাদের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, পার্কিং করে রাখা ওই বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই শফিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।