শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসআরবি-১১ অধিনায়ক

প্রকাশ:২০:২৮,১৮ অক্টোবর ২০২৬

বন্দরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসআরবি-১১ অধিনায়ক

.

শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীতে নারায়ণগঞ্জের বন্দরে ১ নম্বর ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। রোববার (১৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

উপলক্ষে এসআরবি-১১ অধিনায়ক পূজা উদযাপন কমিটির হাতে শুভেচ্ছাস্বরূপ এক ঝুড়ি ফল তুলে দেন। একই সঙ্গে তিনি বন্দরের অধিবাসীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় ১ নম্বর ঢাকেশ্বরী দেব মন্দির কমিটির সভাপতি অভিজিৎ রায় এবং বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বিশ্বাসসহ অন্যান্য নেতারা এসআরবি-১১ অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই যেন আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে পূজা পালন করতে পারেন, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, পূজার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও পূজা উদযাপন কমিটিকে একযোগে কাজ করতে হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। 'ধর্ম যার যার, উৎসব সবার' চেতনা ধারণ করে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি সর্বস্তরের মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন