শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে যানজট কমলেও বেড়েছে ভাড়া

প্রকাশ:১৫:০৬,১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে যানজট কমলেও বেড়েছে ভাড়া

.

নারায়ণগঞ্জ শহরে নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান ও ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগের পর সড়কে যানজট লক্ষণীয়ভাবে কমেছে। তবে যানজট থেকে সাময়িক মুক্তি মিললেও মিশুকের অতিরিক্ত ভাড়া, সড়কে হকারদের দখল এবং যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ে নতুন ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

গত ৪ অক্টোবর থেকে নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এর পরদিন ৫ অক্টোবর থেকে চাষাঢ়া জিরো পয়েন্টসহ শহরের বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে ২২ জন স্বেচ্ছাসেবক মাঠে নামেন। নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও একটি শিল্প গ্রুপের সৌজন্যে তাঁদের নিয়োগ দেওয়া হয়।

পরে ৬ অক্টোবর থেকে মেট্রো হল মোড়, চাঁদমারি, ডাকবাংলো, গলাচিপা মোড়, ২ নম্বর রেলগেট ও মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় অভিযান আরও জোরদার করা হয়। এসব স্থানে নাসিকের ৩০ জন আনসার সদস্য ও অর্ধশতাধিক কর্মী নিয়মিত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্ধারিত কিছু সড়কে দুই পালায় ট্রাফিক স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।

এসব উদ্যোগের ফলে দিনে শহরে বড় ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ যানবাহনের প্রবেশ কমেছে। ফলে চাষাঢ়াসহ প্রধান সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আর দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যার পর যানজট কিছুটা বাড়ার পাশাপাশি সিরাজউদ্দৌলা সড়ক, রেলগেট এলাকা ও পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধে সাময়িক ভোগান্তি তৈরি হচ্ছে।

ট্রাফিক স্বেচ্ছাসেবকদের সমন্বয়কারী আহমেদুর রহমান তনু জানান, প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় যানজট কমিয়ে আনা সম্ভব হয়েছে। সবার সহযোগিতা থাকলে শহরের আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব।

এদিকে যানজট কমলেও যাতায়াত খরচ বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। বড় অটোরিকশা বন্ধ থাকায় যাত্রীদের বাধ্য হয়ে তিন আসনের মিশুকে উঠতে হচ্ছে। অনেক চালক পুরো পথ না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দিচ্ছেন, ফলে কয়েক দফায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। চালকদের দাবি, লাইসেন্স ফি, গ্যারেজ ভাড়া ও দৈনিক জমার খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই তাঁরা বাড়তি ভাড়া নিচ্ছেন।

স্থানীদের মতে, যানজট মুক্ত শহরের সুবিধা দীর্ঘস্থায়ী করতে অবৈধ যানবাহন উচ্ছেদের পাশাপাশি হকার সরিয়ে দেওয়া, যত্রতত্র পার্কিং বন্ধ করা এবং মিশুকের নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা জরুরি।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন