শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:০৮,১৯ অক্টোবর ২০২৬
.
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি প্রথমে পানাম নগরীতে পৌঁছান এবং এর ৩৩ নম্বর ভবনসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। পরে সকাল ৯টার দিকে তিনি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লী পরিদর্শন করেন।
রাষ্ট্রদূতের এই সফরটি মূলত একটি পারিবারিক সফর ছিল। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী এবং ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।
পরিদর্শনকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, জামদানি পল্লীতে কারুশিল্পীদের হাতে বোনা শাড়ির সূক্ষ্ম কাজ দেখে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন। সময়ের স্বল্পতার কারণে তিনি ফাউন্ডেশনের জাদুঘর ও বড় সরদারবাড়িতে প্রবেশ করতে পারেননি, তবে পরবর্তীতে আবারও আসবেন বলে জানিয়েছেন।
পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান জানান, সংক্ষিপ্ত পরিদর্শনের সময় রাষ্ট্রদূত পানাম নগরীর সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেছেন।