শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ:১৫:১২,১৯ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

.

রূপগঞ্জে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়াকে কেন্দ্র করে রিপন মিয়া নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ও পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইসকা কুলি মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া পাইসকা এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ ও ৭ অক্টোবর পাইসকা এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে একটি ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। ওই কমিটির তালিকায় নাম না থাকায় রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজী নামে কয়েকজন ক্ষুব্ধ হন। নিহতের স্বজনদের দাবি, অভিযুক্তরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং রিপন মিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁরা আগে থেকেই তাঁর ওপর অসন্তুষ্ট ছিলেন।

এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় রিপন মিয়ার সঙ্গে রিফাত কাজীর তর্কাতর্কি হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে রিফাত কাজীর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে রিপন মিয়ার ওপর হামলা চালায় এবং তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন