শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:০৮,২১ সেপ্টেম্বর ২০২৬
বন্দরের তিনগাঁওয়ে কুমির, প্রশাসনের সতর্ক বার্তা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। কুমিরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর উপজেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকতে বলেছে।
রোববার ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দল দিনভর চেষ্টা করেও সেটির হদিস পায়নি। রাতের বেলা কুমিরটি আগের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সরে যায়। সোমবার আবার নতুন করে উদ্ধার অভিযান পরিচালনার কথা রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কেউ যেন জলাশয়ে না নামেন বা পাড়ে ভিড় না করেন। কুমিরের কাছাকাছি গিয়ে ছবি-ভিডিও তোলা, ধরা বা তাড়ানোর চেষ্টা একেবারেই নিষিদ্ধ। শিশু ও গৃহপালিত পশুপাখিকে জলাশয়ের আশপাশ থেকে দূরে রাখতে বলা হয়েছে।
কুমিরটির কোনো খোঁজ পেলে অবিলম্বে বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল আবেদীন বা সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর জন্য বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।