শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৪৫,১৯ অক্টোবর ২০২৬
.
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি শহরের উকিলপাড়া, গলাচিপা, আমলাপাড়া ও নিতাইগঞ্জ এলাকার মোট ১০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে তিনি মণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় এমপি আবুল কালামের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন এবং স্থানীয় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এছাড়া সংশ্লিষ্ট এলাকাগুলোর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ আবহমানকাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্য বজায় রেখে নিজস্ব উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও সতর্ক পাহাড়ায় থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো ভয় ছাড়া আনন্দঘন পরিবেশে প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংসদ সদস্যের আগমন ও সার্বিক সহযোগিতার আশ্বাসে গভীর সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা। তারা এমপি আবুল কালামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।