শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:২৯,২০ অক্টোবর ২০২৬
.
অপরাধী যে মত, বর্ণ, ধর্ম বা যত ক্ষমতাশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানান তিনি।
রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান জানান, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে উঠে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে। সদস্যদের মনোবল, দক্ষতা ও সক্ষমতা বাড়াতে কাজ চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহায়তার পাশাপাশি নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
পাড়া-মহল্লায় তরুণদের মাদকাসক্তি বৃদ্ধি ও অপরাধপ্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, কিশোর গ্যাং দমনে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।