শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৩:১৭,২০ অক্টোবর ২০২৬
.
বন্দরের ১ নম্বর খেয়াঘাট এলাকা থেকে সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নেওয়ার সময়সীমা পার হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার বেঁধে দেওয়া এক দিনের সময়সীমা শেষ হলেও আগের মতোই সড়কের ওপর স্ট্যান্ড পরিচালনা করা হচ্ছে। ফলে ওই এলাকায় যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে।
সম্প্রতি দুর্গাপূজার একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে খেয়াঘাট এলাকার তীব্র যানজট দেখে ক্ষোভ প্রকাশ করেন আবুল কাউসার আশা। সে সময় গণমাধ্যমকর্মীদের সামনে মাধবপাশা ও বালুচর লাইনের সিএনজি ও অটোরিকশা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এর জন্য তিনি এক দিনের সময় বেঁধে দিয়েছিলেন।
তবে সেই নির্দেশ উপেক্ষা করে এখনো মূল সড়কে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে করে খেয়াঘাট এলাকায় অন্যান্য যানবাহনের চলাচলেও বিঘ্ন ঘটছে এবং ব্যস্ত সময়ে যানজট তীব্র রূপ নিচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের জায়গা দখল করে এই স্ট্যান্ডটি পরিচালনা করা হচ্ছে। এর আগেও কয়েকবার খেয়াঘাট এলাকা থেকে নির্দিষ্ট রুটের সিএনজি ও অটোরিকশা সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় কিছুদিন সড়ক ফাঁকা থাকলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যায়।
জনসম্মুখে স্পষ্ট নির্দেশ ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়ার পরও স্ট্যান্ডটি না সরায় এখন এর বাস্তবায়ন নিয়ে অসন্তোষ ও প্রশ্ন প্রকাশ করেছেন স্থানীয়রা।