শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৩:২১,২০ অক্টোবর ২০২৬
.
বন্দরে কল্যাণদী কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে কে বা কারা ক্লিনিকের পশ্চিম ও দক্ষিণ পাশের মোট চারটি থাইগ্লাস খুলে নিয়ে যায়।
এ ঘটনায় ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মাহাবুব হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে তিনি এই অভিযোগ জমা দেন।
ইউপি সদস্য মাহাবুব হোসেন জানান, সম্প্রতি কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণদী এলাকায় ছোটখাটো চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। চোরের উপদ্রব থেকে রেহাই পেতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।