শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:২৯,২০ অক্টোবর ২০২৬
.
দুর্গাপূজার নবমীতে নারায়ণগঞ্জের সিটি হরিজন কলোনি দুর্গা মণ্ডপে শতাধিক হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক সংগঠন 'টিম খোরশেদ' এবং নাগরিক সংগঠন 'ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ'-এর যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শেষ দিনে মঙ্গলবার বিকেল ৩টায় এই বস্ত্র বিতরণ করা হয়।
জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। তাঁর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন।
বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে চলা সংখ্যালঘু ও সংখ্যাগুরু ধারণার অবসান ঘটিয়ে 'রেইনবো নেশন' প্রবর্তনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করছেন। তিনি উল্লেখ করেন, তারেক রহমানই হরিজন সম্প্রদায়ের প্রকৃত বন্ধু এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই হরিজনদের জীবনমান উন্নয়নে দুই ঈদে বোনাসের ব্যবস্থা করেছিলেন। হরিজনদের সন্তানদের শিক্ষার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াই প্রথম হরিজন শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ চালু করেছিলেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহমেদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, জুডো বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন ও মহিউদ্দিন শুভসহ স্থানীয় অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।