শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৩১,২০ অক্টোবর ২০২৬
.
আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আইবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, অভিযুক্ত যুবক মাদকাসক্ত। নেশার টাকা না পেয়ে তিনি তার বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন বলে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ঘরের খাট, লেপ ও তোষক পুড়ে ক্ষতি হয়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পুলিশ আইবুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে এবং ঘটনাটি তদন্ত করে দেখছে।