শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৪৯,২০ অক্টোবর ২০২৬
.
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে আঞ্চলিক ও দূরপাল্লার বাস চলাচলে এ বিধিনিষেধ কার্যকর হবে। একই সঙ্গে বিসর্জন শোভাযাত্রার জন্য পথ নির্ধারণ এবং কয়েকটি সড়কে একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বুধবার দুপুর ২টার পর থেকে আঞ্চলিক ও দূরপাল্লার বাস চাঁদমারী মোড় অতিক্রম করে মেট্রো হল মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল বা বঙ্গবন্ধু সড়কের দিকে যেতে পারবে না। বাসগুলোকে চাঁদমারী মোড় থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। বিকল্প হিসেবে বাস টার্মিনালের আঞ্চলিক বাস এবং মেট্রো হল মোড়ের দূরপাল্লার বাস হাজীগঞ্জ নতুন রাস্তায় পার্কিং করতে বলা হয়েছে।
নিতাইগঞ্জ এলাকা থেকে পণ্যবাহী যান চলাচলেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টার আগে মণ্ডলপাড়া সেতু পার হতে পারবে না।
প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার জন্য তিনটি নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয়েছে। পঞ্চবটী থেকে আসা শোভাযাত্রা চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাটে যাবে। নিতাইগঞ্জ ও টানবাজারের শোভাযাত্রা মণ্ডলপাড়া সেতু পার হয়ে ২ নম্বর রেলগেট দিয়ে ঘাটে পৌঁছাবে। বরফকল মাঠ ও খানপুর থেকে আসা শোভাযাত্রা মেট্রো হল মোড়, মিশনপাড়া ও চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট দিয়ে বিসর্জন ঘাটে যাবে।
বিসর্জন শেষে খালি যানবাহনগুলো ঘাট থেকে কাঠপট্টি রোড ও মাউরা হোটেল হয়ে মেট্রো হল মোড় দিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরবে। এ সময় ঘাট থেকে মাওরা হোটেল হয়ে মেট্রো হল পর্যন্ত যান চলাচল একমুখী থাকবে। মেট্রো হল মোড় থেকে মাউরা হোটেল বা কালীবাজারের দিকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
এ ছাড়া ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাট পর্যন্ত এবং ১ নম্বর রেলগেট থেকে কালীবাজারমুখী সড়কেও একমুখী যান চলাচল কার্যকর থাকবে। এসব নির্ধারিত পথে বিপরীত দিক থেকে কোনো যানবাহন ঢুকতে পারবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন শহরের চাঁদমারী, সরকারি মহিলা কলেজ, মেট্রো হল, গলাচিপা মোড় ও মণ্ডলপাড়া সেতু এলাকায় ছয় আসনের অটোরিকশার ইউটার্ন ব্যবস্থা চালু রাখবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। পূজা উৎসবের শোভাযাত্রা ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে সংশ্লিষ্ট সবাইকে এসব ট্রাফিক নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।