শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

গভীর রাতে পথে দুই শিশুর কান্না

প্রকাশ:১৬:৫৪,২১ অক্টোবর ২০২৬

গভীর রাতে পথে দুই শিশুর কান্না

.

ফতুল্লায় গভীর রাতে বাবা-মাকে না জানিয়ে খালার বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। কোলবালিশের ওপর কাঁথা ঢেকে রেখে মঙ্গলবার রাত ১১টার দিকে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসা থেকে বের হয় ১২ বছরের তানহা ও ৭ বছরের নূর।

তারা বাসা থেকে প্রায় চার কিলোমিটার দূরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় গিয়ে পথ হারিয়ে কান্নাকাটি শুরু করে। রাত ১২টার দিকে কান্নার শব্দ শুনে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টহল দল তাদের কাছে যায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, নাম ও বাবার নাম ছাড়া শিশুরা বিস্তারিত ঠিকানা বলতে পারছিল না। ১২ বছর বয়সী তানহা জানায়, নূর তার চাচাতো বোন এবং তারা পায়ে হেঁটে কুমিল্লায় খালার বাড়ি যাচ্ছিল।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। ওসির নির্দেশনায় শিশুদের দেখানো পথ ধরে ফতুল্লার সস্তাপুর, কায়েমপুর ও ইসদাইরসহ বিভিন্ন এলাকায় ৭ থেকে ৮ কিলোমিটার হেঁটে খোঁজাখুঁজি চালানো হয়।

রাত ৪টার দিকে তানহা তার স্কুলের নাম জানালে তাকে উত্তর মাসদাইর এলাকার গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তানহা নিজের বাসা চিনিয়ে দেয়। তারা ওই এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকে।

পুলিশ বাসায় গিয়ে শিশুদের বাবা-মাকে ঘুম থেকে ডেকে তোলে। বাবা-মা ঘরে গিয়ে দেখেন, কোলবালিশের ওপর কাঁথা দেওয়া থাকলেও সন্তানরা নেই। সন্তান না পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন এবং প্রতিবেশীরাও সেখানে জড়ো হন। পরে পুলিশ দুই শিশুকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন