শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

প্রতিমা বিসর্জনে বিদায় নিলেন দেবী দুর্গা

প্রকাশ:১৯:৩৫,২১ অক্টোবর ২০২৬

প্রতিমা বিসর্জনে বিদায় নিলেন দেবী দুর্গা

.

টানা পূজা-অর্চনা ও উৎসব শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। বুধবার সন্ধ্যার পর বিজয়া দশমীতে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মাধ্যমে সমাপ্তি ঘটে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের।

দশমীর আনুষ্ঠানিকতায় দেবীকে বিদায় জানাতে সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তরা ভিড় করেন। পূজা ও পুষ্পাঞ্জলি শেষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেন আয়োজকরা। পরে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাদ্য এবং শোভাযাত্রার মাধ্যমে প্রতিমাগুলো বিসর্জন ঘাটে নেওয়া হয়। বিদায়ের মুহূর্তে ভক্তদের মনে বিষাদের আবহ তৈরি হয়। আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশায় তারা শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলের প্রার্থনা করেন।

পাঁচ নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে আসা নবম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তি জানান, দশমীর লগ্ন শুরু হওয়া মানেই মন খারাপের শুরু। মা চলে যাওয়ায় তার খুব কষ্ট হচ্ছে। তিনি দেশের সব অপশক্তি দূর করে দেশকে শান্তিময় করার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন। আরেক ভক্ত প্রমা রানী জানান, কয়েক দিন মা তাদের মাঝে থাকায় চারপাশ আনন্দে ভরে উঠেছিল। এখন মা চলে যাওয়ায় তাকে আবারও এক বছর অপেক্ষা করতে হবে। তিনি সবার জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে যান চলাচলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। শোভাযাত্রার জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয়। কয়েকটি সড়কে একমুখী যান চলাচল চালুর পাশাপাশি বাস ও পণ্যবাহী যান চলাচলে সময়সীমা বেঁধে দেওয়া হয়।

বুধবার দুপুর দুইটার পর আঞ্চলিক ও দূরপাল্লার বাস চাঁদমারী মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হয়। মেট্রো হলের সামনের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল কিংবা বঙ্গবন্ধু সড়কের দিকে কোনো বাস যেতে দেওয়া হয়নি। বাস পার্কিংয়ের বিকল্প হিসেবে হাজিগঞ্জ নতুন রাস্তা নির্ধারণ করা হয়। টার্মিনালের আঞ্চলিক বাস এবং মেট্রো হলের দূরপাল্লার বাস সেখানে রাখার ব্যবস্থা করা হয়। নিতাইগঞ্জ থেকে পণ্যবাহী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি বৃহস্পতিবার রাত একটার আগে মণ্ডলপাড়া সেতু পার হতে পারবে না।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদি জানান, শোভাযাত্রা নির্বিঘ্ন রাখতে তিনটি নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয়। পঞ্চবটি থেকে আসা শোভাযাত্রা চাষাঢ়া ও দুই নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাটে যায়। নিতাইগঞ্জ ও টানবাজারের শোভাযাত্রা মণ্ডলপাড়া সেতু পেরিয়ে দুই নম্বর রেলগেট দিয়ে ঘাটে পৌঁছায়। বরফকল মাঠ ও খানপুর থেকে আসা শোভাযাত্রা মেট্রো হল মোড়, মিশনপাড়া ও চাষাঢ়া হয়ে দুই নম্বর রেলগেট দিয়ে ঘাটে যায়।

তিনি আরও জানান, বিসর্জন শেষে খালি যানবাহন ঘাট থেকে কাঠপট্টি রোড ও মাউরা হোটেল হয়ে মেট্রো হল মোড় দিয়ে নিজ গন্তব্যে ফিরেছে। এ সময় ঘাট থেকে মাউরা হোটেল হয়ে মেট্রো হল পর্যন্ত সড়কে একমুখী যান চলাচল কার্যকর রাখা হয়। মেট্রো হল মোড় থেকে মাউরা হোটেল কিংবা কালীবাজারের দিকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, দুই নম্বর রেলগেট থেকে এক নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাট পর্যন্ত এবং এক নম্বর রেলগেট থেকে কালীবাজারমুখী সড়কে একমুখী যান চলাচলের ব্যবস্থা রাখা হয়। শহরের চাঁদমারী, সরকারি মহিলা কলেজ, মেট্রো হল, গলাচিপা মোড় ও মণ্ডলপাড়া সেতু এলাকায় বড় আকারের অটোরিকশার ইউটার্নের ব্যবস্থা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দশমী উদযাপন করেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন