শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৫৪,২১ অক্টোবর ২০২৬
.
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তিনি শহরের নিতাইগঞ্জের প্রজন্ম প্রত্যাশা পূজামণ্ডপ, দেওভোগ আখড়া শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর মন্দির পূজামণ্ডপ, রামশিতা পূজা মণ্ডপ, গৌরি নিতাই মন্দির পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন খান বলেন, “আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। আমরা বিভিন্ন পূজামণ্ডপে যাচ্ছি এবং পুরোহিত ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পূজার সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করছি।
এখন পর্যন্ত নারায়ণগঞ্জের সব পূজামণ্ডপে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। আগামীকাল সন্ধ্যার পর থেকে বিসর্জন শুরু হবে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।”
তিনি আরও বলেন, এ বছর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজা উদযাপন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন। এ জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিসর্জন পর্যন্ত যেন উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ থাকে, সেটিই আমাদের প্রত্যাশা। পূজার সব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি। ধর্মের ভিন্নতা থাকলেও আরও অনেক বিষয়ে আমাদের ঐক্য রয়েছে। সেই ঐক্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।”
তিনি বলেন, “আমাদের স্লোগান—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এই নীতিকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, প্রশাসন ও সিটি কর্পোরেশন প্রত্যেকটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে।
হিন্দু ধর্মাবলম্বীরা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন। আমরা কেউ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখতে চাই না; আমরা সবাই বাংলাদেশি। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন, বিএনপি নেতা হাজী কামাল হোসেন, কবির খান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবু, লক্ষীনারায়ণ বারোয়ারী পূজা মণ্ডপ কমিটির সভাপতি অজিত সাহা, সাধারণ সম্পাদক বাদল সাহা, কোষাধ্যক্ষ তপন ঘোপ সাধু, সহ কোষাধ্যক্ষ দিলীপ দেসহ স্থানীয় নেতাকর্মীরা।