শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:০৯,২২ অক্টোবর ২০২৬
.
রূপগঞ্জের অতি ব্যস্ত ভুলতা-গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করে ব্যবসায়ীদের পুনর্বাসিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে অবৈধভাবে শত শত দোকান গড়ে ওঠায় নিয়মিত যানজট, পথচারীদের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হতো।
স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর উদ্যোগে সম্প্রতি মহাসড়কের পাশের সব অবৈধ দোকান সরিয়ে নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের বিকল্প হিসেবে সিংলাবো এলাকায় গাউছিয়া মার্কেটের পেছনের বালুর মাঠে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। বর্তমানে ব্যবসায়ীরা সেখানে নতুন করে দোকান বসিয়ে কেনাবেচা শুরু করেছেন।
হঠাৎ জীবিকা হারানোর আশঙ্কা কেটে গিয়ে নতুন স্থানে ব্যবসা শুরু করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে মহাসড়কের চরম ঝুঁকি এড়িয়ে নিরাপদ পরিবেশে কেনাকাটা করতে পেরে সন্তোষ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
এ উদ্যোগের ফলে একদিকে যেমন সড়ক দুর্ঘটনামুক্ত হয়েছে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটি-রুজির সংস্থান বজায় রয়েছে। তবে এই নতুন বাজারটি যেন স্থায়ী ব্যবসার উপযোগী থাকে এবং মহাসড়কের ফুটপাত আবার নতুন করে দখল না হয়, সে জন্য প্রশাসনের নিয়মিত তদারকি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।