শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:০৯,২২ অক্টোবর ২০২৬
.
বন্দর উপজেলায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল আটটা সাত মিনিটে উপজেলার উত্তর লক্ষণখোলার একটি টিনশেড তুলার গোডাউনে এ আগুন লাগে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের একটিসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় সকাল নয়টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডে গোডাউনের টিনশেড কাঠামো, তুলার বেল্ট, বেল্ট প্রেসের যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।