শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৩৪,২২ অক্টোবর ২০২৬
.
বন্দর উপজেলায় মাদকবিরোধী অবস্থানের জের ধরে ‘ফুলের বাগান রেস্টুরেন্ট’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী শ্মশান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টের মালিক জামান মিয়া স্থানীয় দিঘলদী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক।
রেস্টুরেন্ট মালিক জামান মিয়া জানান, গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। ওই দিনই স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী চিহ্নিত চারটি মাদক কারবারির বাড়িতে অভিযান চালান। এরপর থেকে প্রতিদিন রাত ১১টা পর্যন্ত দিঘলদী এলাকায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ পাহারা ও অভিযান অব্যাহত রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা প্রতিহিংসামূলকভাবে তার রেস্টুরেন্টে আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে তিনি রেস্টুরেন্টটি গড়ে তুলেছিলেন। গত এক বছর ধরে রেস্টুরেন্টটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে প্রয়োজনীয় সব আসবাবপত্র ও মূল্যবান মালামাল ছিল। সকালে রেস্টুরেন্টে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মাদকবিরোধী সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে ঘটনায় জড়িত মাদক কারবারিদের চিহ্নিত ও গ্রেপ্তার করার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীরা।