শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৪০,২২ অক্টোবর ২০২৬
.
খাদ্যশস্য পরিবহনের ভাড়া নিয়ে ঠিকাদার ও শ্রমিকদের বিরোধের কারণে গত পাঁচদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলো খাদ্য গুদাম থেকে চাল ও গম সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ব্যাহত হচ্ছে সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম।
পরিবহন শ্রমিকদের দাবি, জ্বালানি ও আনুষঙ্গিক পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়ায় বর্তমান ভাড়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। আন্তঃজেলা ট্রাক-কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান লিপু জানান, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।
অন্যদিকে, ঠিকাদাররা সরকারি দরপত্রের বাইরে অতিরিক্ত ভাড়া দিতে রাজি নন। কেন্দ্রীয় খাদ্য সরবরাহ ঠিকাদার সমিতির সভাপতি মো. আব্দুল হাই রাজু অভিযোগ করেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের উসকানি দিয়ে সরকারকে বিব্রত করতে এই সংকট তৈরি করেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান। তবে সার্বিক পরিস্থিতিতে পুলিশের উপস্থিতিতে মৌখিক চুক্তিতে গুদামে কিছু ট্রাক প্রবেশ করানো শুরু হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং বর্তমানে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে।
এদিকে সার্বিক বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সাইলো অধীক্ষক মো. রিয়াজুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা স্পষ্ট শোনা যাচ্ছে না জানিয়ে কল কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।