শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
বিশেষ প্রতিবেদক
প্রকাশ:২০:১৬,২২ অক্টোবর ২০২৬
.
ঘুষের টাকায় সম্পদশালীকে মসজিদ কমিটির শীর্ষ পদে রাখা হয়েছিলো দীর্ঘদিন। দুদকের জালে আটকের পর তার পদ যায়। ড্রয়ারে ঘুষের টাকা রেখে কাছের মসজিদে ছুটে যাওয়া ব্যক্তিদের চিত্রও মানুষ দেখে। মাদক বিক্রেতা, রাতভর জুয়া খেলায় মত্ত প্রভাবশালীরা কমিটিতে সুযোগ পায় টাকা ও দলীয় ক্ষমতার কারনে। তাদের দাপটের কাছে অসহায় হয়ে পড়ে ইমাম ও কমিটির ভালো সদস্যরা। সচেতন মহলের মতে, মসজিদ থেকেই অপকর্মের রাশ টেনে ধরা সম্ভব যদি ইমাম-খতিবরা স্বাধীন এবং নির্দলীয়ভাবে কাজ করতে পারে। জুমআর বয়ানে সমাজের অসঙ্গতি তুলে ধরে সমাধান সম্ভব বলে মনে করেন তারা।
সম্প্রতি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে মসজিদে চিঠি পাঠান। যেখানে পাসপোর্ট করতে কেউ কোন বাড়তি টাকা চাইলে তাকে জানানোর আহ্বান জানানো হয়েছে। সরকারী ফি ছাড়া কোন টাকা দিতে তিনি বারণ করেছেন। তার এ চিঠি ব্যাপক সাড়া জুগিয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের উপ পরিচালক আবু নাঈম মাসুম এর মতে, এ ব্যবস্থায় মানুষ প্রকৃত চিত্র জানতে পারবে। তিনি বলেন, এভাবে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে সমাধান সম্ভব।
নারায়ণগঞ্জের পাড়া মহল্লায় এখন কিশোর গ্যাং আতঙ্ক বিরাজ করছে। পান থেকে চুন খসলেই ওরা যে কারো উপর ঝাপিয়ে পড়ে ভয়ঙ্কর রূপে। ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। অলিতে গলিতে মাদক বিক্রি হয় প্রকাশ্যেই। এসব নিয়ে প্রশাসন কাজ করলেও তারাও বলছে, সামাজিক সচেতনতা বাড়াতে।
পবিত্র আর কোরআন সুরা আল ইমরান এর ১০৪ তম আয়াতে বলা হয়েছে ”আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহ্বায়ন করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিধেষ করবে। আর তারাই সফলকাম।”
নাগরিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি নূর উদ্দিন আহমেদ মনে করেন, জুমআর বয়ানে সমসাময়িক বিষয় নিয়েই আলোচনা করা দরকার। সামাজিক অসঙ্গতি তুলে ধরলে তা সমাধানের সঠিক পথ পাওয়া যাবে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে ইমাম-খতিব সাহেবরা নানা ধরনের চাপে তাকেন। বিশেষ করে কোন কোন মসজিদে কমিটির নেতারা অপছন্দ করেন এমন কিছু বলতে দেয়া হয় না।
জুমআর বয়ান নিয়ে কথা হয় কয়েকজন নিয়মিত মুসুল্লীর সঙ্গে। আবুল কালাম আজাদ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, মিম্বরে বসে আলেম সাহেব যদি সামাজি অসঙ্গতিগুলো তুলে ধরে তাহলে যারা বয়সে ছোট বাবা- কিংবা পরিবারের বড় সদস্যদের সঙ্গে মসজিদে যায় তারা শিখতে পারবে। বেসরকারী চাকুরিজীবি মোশাররফ হোসেন বলেন, আমরা যেমন জানতে পেরেছি পাসপোর্ট করতে কোন বাড়তি টাকা লাগবে না। তেমনি ভাবে অন্য যেসব সেক্টরে দুর্ণীতি হয় তা নিয়ে যদি জুমআর বয়ানে আলোচনা হয় তবে মানুষ উপকৃত হয়। তিনি মনে করেন, ধর্মীয় অনুশাসনের শেখানোর পাশাপাশি সামাজিক সমস্যাও তুলে ধরা দরকার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আব্দুল জাব্বার মনে করেন, বয়ানে নিয়মিত এসব আলোচনা হওয়া দরকার। কেউ বলেন কেউ আবার বলেন না। হয়তো নানা রকম চাপে কেউ কেউ বলেন না। তবে প্রতি শুক্রবার বয়ানে সামাজিক অসঙ্গতি তুলে ধরা দরকার বলে মত দেন এ রাজনীতিক।
ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. ইয়াসির আরাফাত জানান, মাদক, বাল্য বিবাহ, যৌতুক সহ নানা সমস্যা নিয়ে কথা বলতে প্রতি সপ্তাহে হেড অফিস থেকে চিঠি আসে। আমরা তা মসজিদগুলোতে পাঠাই যাতে এ বিষয়ে বয়ান করা হয়।