শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:৫২,২৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়াল সরকার
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১৭ পয়সা বাড়ানো হয়েছে।। মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। নতুন এই হার মঙ্গলবার থেকেই কার্যকর করা হয়েছে।
নতুন ভাড়া অনুযায়ী, প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। ডিজেলের দাম ও বর্তমান পরিচালন ব্যয় বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪(২) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় সরকার। প্রজ্ঞাপনটি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে সরকারি প্রজ্ঞাপন জারি ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগেই মঙ্গলবার সকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাড়তি ভাড়া আদায় শুরু করে বন্ধন ও উৎসব পরিবহন। সরেজমিনে দেখা যায়, পরিবহন দুটি তাদের নন-এসি বাসে জনপ্রতি বাড়তি ৫ টাকা আদায়ের মাধ্যমে ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নিয়েছে। এছাড়া ঢাকা নগর পরিবহনের এসি বাসে জনপ্রতি ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকার জায়গায় ৮০ টাকা নেওয়া হয়।
হঠাৎ করে ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন কাউন্টারে পরিবহন কর্মীদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা ঘটে।