শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
এম এ সুমন
প্রকাশ:২০:৪৯,২৪ অক্টোবর ২০২৬
.
ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ও ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাসুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৭) এবং ফতুল্লার দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকার মো. সুমনের ছেলে মো. রকি (২৪)। ফাহিম বর্তমানে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার ইমন সাহেবের বাড়িতে ভাড়া থাকে।
পুলিশ জানায়, ২৪ অক্টোবর সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মফিজুর রহমান, এএসআই আবুল কালাম আজাদ (১) ও এএসআই আবুল কালাম আজাদ (২) সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ডিউটিরত ছিলেন। এ সময় গোপন সূত্রে সংবাদ পান মাসদাইর কবরস্থান সংলগ্ন রাইয়ান ফার্মেসীর পাশের পাকা রাস্তায় দুই ব্যক্তি মাদক কেনাবেচা করছে। ঘটনাস্থলে দ্রুত পৌছে তারা। পুলিশ দেখে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দুইজনকে আটক করে পুলিশ।
পরে কয়েকজরেন উপস্থিতিতে তল্লাশি করে ফাহিমের প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এছাড়া রকির প্যান্টের পকেট থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার কাগজ ও পিনসহ ওজন ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফতুল্লার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।