শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
সোনিয়া দেওয়ান প্রীতি
প্রকাশ:২১:০০,২৪ অক্টোবর ২০২৬
.
জমানো টাকা ফেরত না পাওয়ায় ফতুল্লার কাশীপুরে অবস্থিত আশ্রয় বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তা তাসলিমা মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী সদস্যরা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তারা সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়া বিভিন্ন বয়সী নারী সদস্যদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সমিতিতে সঞ্চয় জমা রেখেছেন। কিন্তু প্রয়োজনের সময় নিজেদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না। এমনকি তাদের টাকা না দিয়ে সমিতির অফিসের আসবাবপত্র সরিয়ে নিয়ে অফিসটি তালাবদ্ধ করে রেখেছে কর্মকর্তা তাসলিমা মেম্বার। গোপনে সমিতির ভবন বিক্রিরও পায়তারা করছেন তিনি। নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত পেতে তারা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সমাধান পাননি বলে জানান।
ভুক্তভোগী সদস্যদের দাবি, তাদের ব্যক্তিগত সঞ্চয়ের হিসাব যাচাই করে পাওনা টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সমিতির আর্থিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তারা। এ ব্যাপারে তাসলিমা মেম্বারের মোবাইল ফোনে কল দিলেও যোগাযোগ সম্ভব হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি আশ্রয় বহুমুখী সমবায় সমিতির আর্থিক অনিয়ম, আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং সমিতির ভবন বিক্রির চেষ্টার অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল।