শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:২৫,২৫ অক্টোবর ২০২৬
.
কাশিপুরের মধ্য নরসিংহপুর এলাকার হাজীপাড়ায় চুরির অভিযোগে মারধরের শিকার হওয়ার পর ইয়াসিন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই এলাকার আব্দুর রহমান কাসেমীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাবার নাম বাচ্চু মিয়া।
শনিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আব্দুর রহমান কাসেমীর বাড়ির গেটের সামনে ইয়াসিনের মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা তার গলায় ফাঁস দেওয়া মরদেহ দেখতে পান। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফতুল্লা মডেল থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান কাসেমীর বাড়ি থেকে কাচ চুরির অভিযোগ ওঠে ইয়াসিনের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে আবুল মিয়ার ছেলে শান্ত, আক্তার দেওয়ানের ছেলে জনি দেওয়ান এবং মৃত কফিল উদ্দিন মুন্সীর ছেলে ইমরান তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। মারধরের অপমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চুরির অভিযোগে মারধরের ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শামসুদ্দোহা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।