শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বিদ্যুৎ সংযোগের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ

প্রকাশ:১৭:০৪,২৫ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ সংযোগের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ

.

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়ামুখী লেনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি লিংক রোডে পৌঁছে সড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ সদস্যরা স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

পুলিশের আশ্বাসের পর দুপুর সোয়া ১টার দিকে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। এর পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন