শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৪১,২৫ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দুর্গন্ধময় পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার অবহেলার প্রতিবাদে ময়লার ভাগাড়ের পাশে বসে দুপুরের খাবার খেয়েছেন 'উই আর ভলেন্টিয়ার্স'-এর প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এই অভিনব প্রতিবাদে তাঁর সঙ্গে সংগঠনটির অন্য সদস্যরাও অংশ নেন।
বিদ্যালয়ের পরিবেশ ও দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে তনু জানান, বিদ্যালয়টির সভাপতি ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের বিষয়টি নজরে আনা জরুরি। সেখানে তীব্র দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের চলাচল ও শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতেই কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হচ্ছে।
শুধু বিদ্যালয়ের সামনেই নয়, শহরের কালিরবাজার, করিম মার্কেট ও লিংক রোডসহ বিভিন্ন জনবহুল এলাকার নাজুক অবস্থার কথা উল্লেখ করেন তনু। নগরের গুরুত্বপূর্ণ স্থানে এমন নোংরা পরিবেশকে অযৌক্তিক আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্বে থাকা সংস্থাগুলোর কার্যকর ভূমিকা কোথায়।
তিনি অভিযোগ করেন, ময়লা অপসারণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিন শহরের মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ব্যস্ত সড়কের আশপাশের এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানিয়ে তনু বলেন, কেবল চেয়ারে বসে তদারকি করে জনগণের প্রকৃত কষ্ট বোঝা সম্ভব নয়। মাঠপর্যায়ে এসে পরিস্থিতি প্রত্যক্ষ করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। দৃশ্যমান এসব সমস্যা সমাধান না হলে অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়বে।
শহরের পরিচ্ছন্নতা ফেরাতে তনু জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। নগরের ময়লার ভাগাড়গুলোর সঠিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ চান তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষ যে সুন্দর ও বাসযোগ্য শহরের স্বপ্ন দেখেছিল, তার দৃশ্যমান বাস্তবায়ন প্রয়োজন। কোনো আশ্বাস বা দাপ্তরিক কার্যক্রমের বদলে জনবহুল স্থান থেকে দ্রুত ময়লা অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।