শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৯:৪৯,২৫ অক্টোবর ২০২৬
.
বিএনপি এর আগেরবার যখন সরকার গঠন করে তখন বিআরটিসির চেয়ারম্যান দিয়েছিলেন নারায়ণগঞ্জের তৈমূর আলম খন্দকারকে। ২০০১ সালে ক্ষমতায় আসা ওই সরকারের সময়ে দুইজন মন্ত্রীও পেয়েছিলো এ জেলা। তবে এবার এখনও পর্যন্ত এ অঞ্চলে মন্ত্রী দেয়নি দলটি। বিআরটিসির চেয়ারম্যান পদে রয়েছেন একজন অতিরিক্ত সচিব।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার তৈমূর আলম খন্দকারকে প্রথমে ডেপুর্টি এটর্নী জেনারেল করেছিলো। তবে তিনি মানেননি। পরে তাকে বিআরটিসির চেয়ারম্যান করা হয়। ২০০১ সালের ২০ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত একটানা বিআরটিসির চেয়ারম্যান ছিলেন। এ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তাকে ওয়ান ইলেভেনের সময়ে কারাগারে যেতে হয়েছিলো। গেলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলের নির্দেশ অমান্য করায় বিএনপি থেকে বহিস্কৃত হন তৈমূর আলম। এরপর তিনি তৃণমূল বিএনপি নামে একটি দল গঠনে যুক্ত হলেও এখন আর এ দল নিয়ে কোন রা’ নেই। সূত্র বলছে, বিএনপিতে ফেরার চেষ্টা করছেন তিনি।
এবার বিএনপি সরকার গঠনের পর সরকারে কিংবা জাতীয় গুরুত্বপূর্ণ কোন প্রতিষ্ঠানে নারায়ণগঞ্জের কোন নেতাকে আসীন করা হয়নি। বিএনপির সব সরকারে মন্ত্রী, উপদেষ্টা এখানকার নেতাদের করা হলেও এবার তাও দেয়নি। এ নিয়ে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে আলোচনা থাকলেও পদ পদবীতে আছেন এমন নেতারা প্রকাশ্যে কিছু বলছেন না। যদিও মন্ত্রী পরিষদে সুযোগ পেতে অনুসারীদের দিয়ে কেউ কেউ প্রচার করেছেন তবে তা আমলে নেয়নি দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্র বলছে, জেলার সংসদ সদস্যদের মধ্য থেকে কাউকে মন্ত্রী করার কথা আপাতত ভাবছে না দল। নেতাদের মধ্য থেকেও তেমন কাউকে পায়নি।
এদিকে বিআরটিসির চেয়ারম্যান পদের দিকেও নজর রয়েছে এ অঞ্চলের নেতাদের। সরকার গঠনের পর এ প্রতিষ্ঠানে এখন পর্যন্ত দলীয় নেতা কিংবা কোন রাজনীতিককে নিয়োগ দেয়নি দলটি। বর্তমানে একজন অতিরিক্ত সচিব এ দায়িত্বে আছেন।
সূত্র জানায়, বিআরটিসির চেয়ারম্যান হতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক শীর্ষ নেতা আগ্রহী। তিনি এ নিয়ে দলের কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করেছেন। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।