শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:১০,২৬ অক্টোবর ২০২৬
.
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি কবির হোসেন (৬০) কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজার থেকে তাকে আটক করা হয়। সে আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খালিয়াচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে। নিহত জহির ফকির কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। ইউনিয়ন নির্বাচনে দলীয় সমর্থনে চেয়ারম্যান প্রার্থী নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন চর হোগলা এলাকায় কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকির (৪৫) তার নিজের ফার্মেসি বন্ধ করে বোনের বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা চিহ্নিত সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে। দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও মারাত্মক দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এস আর বি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই প্রধান অভিযুক্তরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকেই এসআরবি-১১ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে গোপন গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে।
আজ ২৬ অক্টোবর সকাল ৯ টায় এসআরবি-১১ এবং এসআরবি-১৫ (কক্সবাজার)-এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেন কে গ্রেপ্তার করে।