শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৫৩,২৬ অক্টোবর ২০২৬
.
শহরের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন প্রসাধনী ও খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই তদারকি কার্যক্রম পরিচালনা করে এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে।
অভিযানে মেসার্স চৌধুরী ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে অনুমোদনহীন ও নিষিদ্ধ রং ফর্সাকারী ‘ড. রাসেল নাইট ক্রিম’ পাওয়া যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় এই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মেসার্স জেবিএল ট্রেডিং নামক আরেকটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি এবং মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের প্রমাণ মেলে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানই জরিমানার অর্থ পরিশোধ করেছে।
অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, বিএসটিআইয়ের নিষিদ্ধ প্রসাধনী কেনা থেকে বিরত থাকার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এই অভিযানে জেলা আনসার কমান্ড্যান্টের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।