শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে ট্রলার ডুবে নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ

প্রকাশ:১০:২০,২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ট্রলার ডুবে নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ

বিয়েতে আসার পথে মেঘনা নদীতে ১৪ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে রায়েশা বেগম নামের এক নারী মারা গেছেন। একই পরিবারের বাবা ও তাঁর তিন সন্তানসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন, তাঁর দুই ছেলে সজীব ও সামিন এবং মেয়ে সামিয়া। দুর্ঘটনার পর একই পরিবারের শিরিন বেগম ও তাঁর মেয়ে লামিয়া আক্তারকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার হোমনা থেকে ট্রলারটি সোনারগাঁয়ের হারিয়া এলাকায় সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে আসছিল। আমান সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদী পার হওয়ার সময় এটি হঠাৎ ডুবে যায়। পরে স্থানীয়রা অন্য ট্রলারের সাহায্যে কয়েকজনকে উদ্ধার করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত দুর্ঘটনায় রায়েশা বেগমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী জানান, বেলা আনুমানিক দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাঁরা বিকেল পৌনে পাঁচটার দিকে খবর পেয়ে নদী থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন