শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৮০ জন গ্রেপ্তার

প্রকাশ:১৫:১৬,২৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৮০ জন গ্রেপ্তার

.

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) জেলাজুড়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে মোট ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী, ৪২ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৯ জন আসামি, ৫ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ২ জন, অন্যান্য মামলার ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সোনারগাঁ থানায় সবচেয়ে বেশি ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রূপগঞ্জ থানায় ১৭ জন, ফতুল্লা মডেল থানায় ১৪ জন, নারায়ণগঞ্জ সদর থানায় ১৩ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জন, বন্দর থানায় ২ জন এবং আড়াইহাজার থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে বিভিন্ন থানার পুলিশ নিজ নিজ এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করে। এর মধ্যে সদর থানা পুলিশ ২ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে। ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন জব্দ করে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় ৪০ পিস ইয়াবা, সোনারগাঁয়ে ৫১ পিস ইয়াবা এবং রূপগঞ্জ থানায় ১৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল এবং অপরাধ কার্যক্রম দমনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন