শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:৩০,২৭ অক্টোবর ২০২৬
.
সিদ্ধিরগঞ্জে এক টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি ভাড়া ঘর, চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘর থেকে বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক শহীদুল্লাহ। অগ্নিকাণ্ডে দুটি গাভি পুড়ে মারা গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ বাড়ির মালিক শহীদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি নিজ বাড়িতে রয়েছেন।
স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা গেছে, সোমবার দিনে ওই বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী সাহিদার পারিবারিক মনোমালিন্য ও ঝগড়া হয়। এর জের ধরে সাহিদা বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগ রয়েছে, এই ঘটনার পর রাতে মনির নিজ ঘরের বিছানার ওপর গ্যাসের সিলিন্ডার রেখে আগুন ধরিয়ে দেন এবং বাইরে থেকে দুটি তালা লাগিয়ে পালিয়ে যান। পরবর্তীতে সেই আগুন দ্রুত চারপাশের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, ভোর ৩টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং সকাল ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।
তবে আগুনের মূল কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন।