শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:৫১,২৭ অক্টোবর ২০২৬
.
নেতাকর্মীদের সততা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, বহু আত্মত্যাগের মাধ্যমে অর্জিত রাজনৈতিক সাফল্যে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এমন কোনো আচরণ করা যাবে না, যার কারণে শীর্ষ নেতৃত্বের সুনাম ক্ষুণ্ণ হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত একটি র্যালির পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান রনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা আজ শপথ নেব এবং আমাদের নেতার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হব যে, কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা সম্পৃক্ত হব না। যেখানেই অন্যায় সংঘটিত হবে, সেখানেই তার তীব্র প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি দেশের সব ভালো কাজ ও উন্নয়নমূলক কার্যক্রমে আমাদের সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে।
সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জেলা যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করব।
সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।