শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে ‘হত্যার চেষ্টা’

প্রকাশ:১৮:২২,২৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে ‘হত্যার চেষ্টা’

.

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে মারাত্মক দগ্ধ অবস্থায় ওই কিশোরী ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে প্রতিবেশী সোনিয়া আক্তার ও অন্যদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে অভিযুক্তরা এর আগেও ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। গত ২৫ সেপ্টেম্বর রোববার দুপুর আনুমানিক দুইটার দিকে রওশন আরা ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে অভিযুক্তরা কৌশলে রওশন আরার বসতঘরে প্রবেশ করে। এ সময় শয়নকক্ষের বিছানায় ঘুমিয়ে থাকা ১৩ বছরের কিশোরী আফরিন আক্তারের গায়ে গরম পানি ঢেলে দেন প্রধান অভিযুক্ত সোনিয়া আক্তার। এতে শিশুটির কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে গুরুতর জখম হয়।

শিশুর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত বাড়িতে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মেয়ের সুচিকিৎসা নিশ্চিত করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন সোনিয়া আক্তার (স্বামী জাকির হোসেন), মো. মোস্তফা (পিতা মো. বিল্লাল), শিলা আক্তার (স্বামী মো. মোস্তফা) এবং জাকির হোসেন (পিতা রহম আলী)। তাদের সকলের বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন