শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে ৬৯ লাখ টাকার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশ:১১:৩৫,২৮ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৬৯ লাখ টাকার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

.

সোনারগাঁয়ে একটি দূরপাল্লার স্লিপার বাস তল্লাশি করে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সোনারগাঁ থানার পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আলফা এক্সপ্রেস’ নামের বাসটিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন - যশোরের শার্শা থানার ভবেরবেড় গ্রামের রাকিবুল হাসান (৩০), যশোরের কোতয়ালী থানার নিউ মার্কেট এলাকার মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ব্রাহ্মনগাঁও গ্রামের সাইফুল হোসেন (৩৮)। এর মধ্যে রাকিবুল ও আশিক বর্তমানে যথাক্রমে ঢাকার যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, ডিবির পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দোয়েল বাস টার্মিনালে অবস্থান নেয় পুলিশের একটি চৌকশ দল। এ সময় ‘আলফা এক্সপ্রেস’ বাসের সিটের ভেতর বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে বাসটির সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হোসেন নামের অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। এই ইয়াবা চালানের মূল হোতাকে গ্রেফতারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন