শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৬:৪৮,২৮ অক্টোবর ২০২৬
.
বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল (৪)। কাঁচপুর হাইওয়ে পুলিশের এস আই শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এস আই শফিউল আলম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনার সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর ট্রাক ও বাস জব্দ এবং ট্রাক চালককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। তবে বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।