শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ঢাকায় খালে মিলল নারায়ণগঞ্জের ব্যবসায়ীর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

প্রকাশ:১২:৪৭,১৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় খালে মিলল নারায়ণগঞ্জের ব্যবসায়ীর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে খালে মিলল ব্যবসায়ীর লাশ, পরিবারের দাবি হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ব্যবসায়িক কাজে ঢাকায় এসে নিখোঁজ হওয়ার পর মো. জীবন মিয়া (৩৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর ডেমরা থানার পশ্চিম হাজিনগর এলাকার ডিএনডি খাল থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা দাবি করা হলেও পুলিশের প্রাথমিক ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসাবধানতাবশত খালে পড়ে তার মৃত্যু হতে পারে।

নিহত জীবন মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন এবং নিজের মার্কেটের কক্ষ ভাড়া দিতেন। তিনি স্ত্রী তানজিলা আক্তার ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রূপগঞ্জের বাসা থেকে টিপু নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কাজে ঢাকায় আসেন জীবন। সাধারণত রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি ফিরলেও ওই দিন রাত ১০টার পরও তিনি না ফেরায় স্বজনরা ফোন করেন। তবে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে বৃহস্পতিবার ভোররাতে ডেমরা থানা পুলিশ স্বজনদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পশ্চিম হাজিনগর এলাকার প্রাইম কেয়ার ডায়াগনস্টিক হাসপাতালের অদূরে ক্যানেলসংলগ্ন ডিএনডি খাল থেকে মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের ভায়রা মো. শান্ত জানান, জীবনের কোনো শত্রু ছিল না। তাকে হত্যা করে লাশ খালে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের সন্দেহ। এ ঘটনায় সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খালের পাড়ে থাকা বৈদ্যুতিক খাম্বায় হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় তিনি খালে পড়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন