শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২০:৩৭,২৮ অক্টোবর ২০২৬
.
আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অভিযোগে ‘প্রবাসী হাসপাতাল’ নামের একটি চিকিৎসাকেন্দ্রকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এই অর্থদণ্ড নির্ধারণ করে।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো তথ্য, উপাত্ত ও সুনির্দিষ্ট সুপারিশের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধন করায় হাসপাতালটিকে এই আর্থিক জরিমানা করা হয়। অভিযুক্ত প্রবাসী হাসপাতালটি আড়াইহাজারের ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত। এর আগে ৫ অক্টোবর এই হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।