শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:০৯:১৩,২৯ অক্টোবর ২০২৬
.
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন। এ পদে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী জিএম হায়দার আলী অসুস্থতার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
গত বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন হায়দার আলী। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শারীরিক অসুস্থতা ও পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এবং সম্ভাব্য ফল বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে রেড ক্রিসেন্টের এ নির্বাচনে সেক্রেটারি পদে লড়ছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, টিপুকে সামনে রেখে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের আলোচনা চলছে।
টিপু-নবী প্যানেল থেকে কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদের জন্য লড়ছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
অন্যদিকে, এই প্যানেলের বাইরে সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন হারুনুর রশীদ খান, নাজমুল হক, ইফতেখার আহমেদ জিমু, অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান ও সাংবাদিক মেহেদী হাসান সজীব।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সদস্য পদপ্রার্থী নিরব রায়হান ব্যালট পেপারে প্রার্থীদের ছবি, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ এবং এনআইডি বাধ্যতামূলক করার প্রস্তাব দিলেও তা গৃহীত হয়নি। তবে তিনি জাল ভোট রোধে সব ভোটারকে সশরীরে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নির্বাচন কমিশনের সদস্য নজরুল ইসলাম বাবুল জানান, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ১৯৭৫ সালের পর নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্টে এটিই প্রথম সশরীরে ভোটের মাধ্যমে কমিটি গঠন। ফলে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। নির্বাচন কমিশন সব প্রার্থীর অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।