শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:২৪,২৯ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন মাদক ব্যবসায়ী, ৫৪ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ৩ জন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন সদস্য এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন রয়েছেন। এছাড়া আসামিদের কাছ থেকে মোট ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা এবং ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানাভিত্তিক অভিযানে সর্বোচ্চ ৩০ জন গ্রেপ্তার হয়েছে ফতুল্লা মডেল থানায়। সেখানে ৭৩ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী, ১৮ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ২ জন, অন্যান্য ধারার ১ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যকে আটক করা হয়।
সোনারগাঁও থানায় ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। এর মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। তাদের মধ্যে ২ মাদক ব্যবসায়ী, ৯ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য রয়েছে।
বন্দর থানায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী, ২ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রূপগঞ্জ থানায় ২৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। সদর থানায় ১৮ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীসহ ৪ জন এবং আড়াইহাজার থানায় ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।