শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

অবৈধ চুনাকারখানা বন্ধের আলটিমেটাম এমপি মান্নানের

প্রকাশ:১৯:০৩,২৯ অক্টোবর ২০২৬

অবৈধ চুনাকারখানা বন্ধের আলটিমেটাম এমপি মান্নানের

.

সোনারগাঁয়ে অবৈধ চুনাকারখানা বন্ধে ১৫ দিনের কড়া আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং জনগণ ক্ষুব্ধ হয়ে কঠোর পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এমপি মান্নান বলেন, সোনারগাঁয়ে বর্তমানে অবৈধ চুনাকারখানার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে এগুলো সহজেই বন্ধ করা সম্ভব। বারবার অভিযান চালানো সত্ত্বেও এসব কারখানা সচল থাকায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সাধারণ মানুষ প্রতিদিন এসে এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করছেন। প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভার অন্যান্য এজেন্ডায় হাইওয়ে পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, কাঁচপুর হাইওয়ে পুলিশের বেওয়ারিশ লাশ দাফনে কোনো সমস্যা হলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থানে দাফন করা যাবে এবং এর আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হলো। এ সময় সোনারগাঁ থানার পুলিশি ভূমিকার প্রশংসা করলেও তালতলা ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধ প্রবণতা কিছুটা বাড়ায় সেখানে পুলিশ প্রশাসনকে বিশেষ নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ সার্কেলের মামুন সরকার, কাঁচপুর সার্কেলের কে.এম রাফসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভূইয়া, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হাইওয়ে ও নৌ পুলিশ কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন