শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৩:২২,২৬ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের বন্দরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর মালিকানাধীন জুয়েলারিতে এ ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে ঢুকে দেবাশীষ ঢালীকে মারধর করে স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুরে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ তার দোকানে ঢোকে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করে। ডাকাতেরা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং সিন্দুক ও ড্রয়ার থেকে আরও সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এছাড়া তারা প্রায় ২০০ থেকে ৩০০ ভরি রুপাও নিয়ে গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।